ডেস্ক রিপোর্ট
মুরাদনগর সমিতি-ঢাকার বর্তমান কমিটির প্রথম বার্ষিক সাধারণ সভা–২০২৬ শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মো. এনামুল হক খানের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও সংসদ সদস্য আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ)। শারীরিক অসুস্থতার কারণে তিনি সশরীরে উপস্থিত হতে পারেননি।
প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী মুরাদনগরবাসীর পারস্পরিক ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে মুরাদনগর সমিতি-ঢাকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এ সময় তিনি সংগঠনটিকে ‘বৃহত্তর মুরাদনগর সমিতি-ঢাকা’ নামকরণের উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সংগঠনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টিঅ্যান্ডটি বোর্ডের অবসরপ্রাপ্ত পরিচালক আব্দুল খালেক ভূঁইয়া, জ্বালানি মন্ত্রণালয়ের পাওয়ার সেলের অবসরপ্রাপ্ত মহাপরিচালক বিডি রহমত উল্লাহ, টোটাল গ্রুপের চেয়ারম্যান কাজী জুন্নুন বসরী এবং মুরাদনগরের বিশিষ্ট ব্যক্তিত্ব সৈয়দ এ কে এম কায়েস।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার মো. মনিরুজ্জামান ও এইচ এম হাবিবুল্লাহ সোহেল।
সভায় সমিতির সাংগঠনিক কার্যক্রম, বিগত দিনের অর্জন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং ঢাকায় বসবাসরত মুরাদনগরবাসীর মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বক্তারা বলেন, মুরাদনগর সমিতি-ঢাকা কেবল একটি সামাজিক সংগঠন নয়, এটি মুরাদনগরের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন। সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করার মাধ্যমে মুরাদনগরের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে সম্মিলিতভাবে অংশ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
অনুষ্ঠানে সমিতির সদস্য, আমন্ত্রিত অতিথি এবং ঢাকায় বসবাসরত মুরাদনগরের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে অসুস্থ ধর্মমন্ত্রীর কাজী শাহ মোফাজ্জল হোসাইন কাইকোবাদ রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া পরিচালিত হয়।