নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
কুমিল্লা জেলা প্রেস ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা বিতরণপরিবেশ সুরক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করেছে কুমিল্লা জেলা প্রেস ক্লাব। সংগঠনটির উদ্যোগে কুমিল্লা নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের নেউরা এম. আই. উচ্চ বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থীর হাতে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা তুলে দেওয়া হয়।
চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রেস ক্লাবের সভাপতি ও দেশ টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি সুমন কবির ভূঁইয়া।
ক্লাবের সাধারণ সম্পাদক ও দীপ্ত টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি শাকিল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ক্লাবের সহসভাপতি ও চ্যানেল এস-এর কুমিল্লা জেলা প্রতিনিধি রাজিব সাহা।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও মাই টিভির কুমিল্লা-চৌদ্দগ্রাম প্রতিনিধি মোহাম্মদ জসিম উদ্দিন, অর্থবিষয়ক সম্পাদক ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি ফজলুল হক জয়, দপ্তর সম্পাদক ও বাংলা এডিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি রোবেল আহমেদ তানভীর, জয়েন্ট সেক্রেটারি ও দৈনিক দিনকালের কুমিল্লা প্রতিনিধি মো. হামিদুর রহমান জামিল, আপ্যায়নবিষয়ক সম্পাদক ও আজকের খবরের কুমিল্লা জেলা প্রতিনিধি আব্দুর রহমান সাঈফ, নির্বাহী সদস্য নায়েব আলী ও কবীর আল হাসান শিশু। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. কামরুজ্জামান এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষার্থীদের মধ্যে গাছ লাগানোর আগ্রহ সৃষ্টি ও পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও আরও বড় পরিসরে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে সুমন কবির ভূঁইয়া বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই। গাছ অক্সিজেনের অন্যতম উৎস হওয়ায় প্রত্যেক শিক্ষার্থীর উচিত বাড়ির আঙিনায় অন্তত একটি গাছ লাগানো এবং নিয়মিত পরিচর্যা করা।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের মধ্যে এ সচেতনতা ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকা প্রয়োজন।