ঢাকা • ২৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় রাতের আকাশে ড্রোন নিয়ে আতঙ্ক, পুলিশ বলছে ‘গুজব’ নবগঠিত বাঙ্গরা উপজেলার প্রথম ইউএনও হচ্ছেন মোঃ শহিদুল ইসলাম কুমিল্লা জেলা প্রেস ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা বিতরণ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কুমিল্লায় রাতের আকাশে ড্রোন নিয়ে আতঙ্ক, পুলিশ বলছে ‘গুজব’

অনলাইন সংস্করণ
২৬ নভেম্বর ২০২৬, ৭:২১ অপরাহ্ণ • ৩২ বার পঠিত
কুমিল্লায় রাতের আকাশে ড্রোন নিয়ে আতঙ্ক, পুলিশ বলছে ‘গুজব’

সাজ্জাদ হোসেন শিমুল

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকা এবং কুমিল্লার বাঙ্গরা, মুরাদনগর উপজেলার গ্রামগুলোতে রাতে ড্রোন দেখা যাওয়ার খবর নিয়ে স্থানীয়রা উদ্বিগ্ন ও নির্ঘুম রাত কাটাচ্ছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ড্রোন ওড়ার ভিডিও এবং রাতের রাস্তায় মানুষের পাহারার ভিডিও-ছবি। বিভিন্ন এলাকায় মসজিদের মাইকে ডাকাত নিয়ে সতর্কবার্তাও প্রচার করা হচ্ছে। তবে পুলিশ বলছে, এসব ‘গুজব’।

স্থানীয়রা জানায়, বাঙ্গরা উপজেলার রাজাবাড়ি, অলিঘর, বঅইখার, পীর কাশিমপুর, গাজীপুর, আকুবপুর, শ্রীকাইল, ঘোড়াশাল থেকে চাপিতলা গ্রাম- অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মালাই বাঙ্গরা, আশ্রাফপুর, বলিবাড়ি, মালাই, হাজীপুর, আহম্মদপুর, চারিপারা থেকে নবীনগর সদর পর্যন্ত ড্রোন আতঙ্ক ছড়িয়েছে।

রাতে ড্রোন উড়িয়ে এলাকা পর্যবেক্ষণ করা হচ্ছে, পরে ডাকাতি হবে—এমন সন্দেহে বাঙ্গরা উপজেলার পান্ডুঘরসহ বিভিন্ন এলাকায় মসজিদের মাইকে সতর্কবার্তা প্রচারের খবর পাওয়া গেছে।

এছাড়া কুমিল্লার মুরাদনগর ও দেবিদ্বার উপজেলার কিছু কিছু এলাকায় রাতের বেলায় ডাকাত এসেছে বলে মসজিদের মাইকে ঘোষণা হয় বলেও জানা গেছে।

বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুল বলেন, “রাজাবাড়ি এলাকায় আমি আমার গ্রামে এক সাথে পাঁচটি ড্রোন উড়তে দেখেছি। তখন পুলিশের কর্মকর্তাও সঙ্গে ছিল। পরে অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান এলাকা পরিদর্শন করেন। এ বিষয়ে রাজাবাড়ি গ্রামবাসীর সঙ্গে বাঙ্গরা থানার ওসি শফিউল আলমও সভা করেছেন।

জাহাঙ্গীর আলম ইমরুল বলেন, “এর আগে ড্রোন দেখা দেয়ার পর ৯ নভেম্বর বাঙ্গরা উপজেলায় বলিঘর, নবীনগর আশরাফপুর, গাজীপুর গ্রামে ডাকাতি ঘটনা ঘটে। ফলে আমাদের ধারণা ছিলো ডাকাতরা হয়তো পুলিশ ও মানুষের চলাচল পর্যবেক্ষণের জন্য ড্রোন ব্যবহার করে।

“কিন্তু পরবর্তীতে ধারণা হচ্ছে একটি মহল মানুষকে আতঙ্কিত করার জন্যও এ কাজটি করতে পারে। কারণ দেশের সাম্প্রতিক অবস্থায় কেউ কেউ আতঙ্ক ছড়িয়েও ফায়দা নিতে পারে এমন একটি অবস্থা মনে হচ্ছে।”

তবে দিন যত বাড়ছে রাতে ড্রোনের সংখ্যা, এলাকার পরিধি, আতঙ্কও পাল্লা দিয়ে বাড়ছে বলে জানান এই সংবাদকর্মী।

স্থানীয় পীর কাশিমপুর গ্রামের বাসিন্দা বিশিষ্ট প্রামাণ্যচিত্র নির্মাতা শাহিদুল হোসেন বলেন, “ড্রোন উড়িয়ে শুধু ডাকাতি হতে পারে এমন নয়, বরং এটি নিরাপত্তার কাজেও ব্যবহার হচ্ছে বলে ধারণা করি। তবে কারণ যাই হোক প্রশাসনের কাছে অনুরোধ যেন বিষয়টি আসলে কি তা দ্রুত খুঁজে বের করে মানুষকে আতঙ্কমুক্ত করে।”

এদিকে বুধবার রাতেও মুরাদনগর উপজেলার বিভিন্ন গ্রামেও ডাকাতের আতংকে সতর্কতা দিয়ে মসজিদের মাইক দিয়ে বার্তা ছড়ানো হয়। এলাকায় লোকজন পাহারাও বসায়। তবে এলাকায় কোন ডাকাত কিংবা চোর ধরা পড়ে নি।

স্থানীয় সংবাদকর্মী নাজিম উদ্দিন বলেন, “এক মাইকে আওয়াজ শুনলে আশেপাশের সব মাইকে ঘোষণা দেয়া শুরু হয়। ডাকাত ঠেকাতে মানুষও রাস্তায় বের হয়ে আসে। কিন্তু কাউকে দেখা যায় না।

তিনি বলেন, “বিষয়টা গুজবের মতই। কিন্তু এলাকায় রাতে আতঙ্কের বিষয়টা ছড়িয়ে পড়েছে। শুনেছি পাশের উপজেলা বাঙ্গরায় ড্রোন আতঙ্কেও আছে, তবে মুরাদনগর আমাদের এলাকায় এখনো ড্রোন দেখা গেছে বলে জানি না।”

এসব বিষয়ে মুরাদনগরের ওসি আনোয়ার হোসেন চৌধুরী বলেন, “এটি পুরোই একটি গুজব। আমি এবং আমার সার্কেল এসপি স্যার কাল (বুধবার) সারা রাত ঘুরেছি। কিছুই পাইনি।”

“কেউ কোথাও কিছু শুনেছে তারপর মাইকে আওয়াজ দিয়েছে। না জেনে না শুনে এই আতঙ্ক ছড়াচ্ছে। আমরা তাদেরকে শনাক্ত করার চেষ্টা করছি।”

মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, “আমি বুধবার সারারাত বাইরে ছিলাম। মানুষ ড্রোনের কথা, ডাকাতের কথা শুনে বাইরে বের হয়েছে। আমরাও রাতে ঘুরেছি- কিন্তু মুরাদনগরে এর কোনো সত্যতা পাইনি।

“তবে বাঙ্গরা এলাকায় নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)-কুমিল্লা জেলার সীমান্তে ড্রোন দেখা যায় শুনেছি। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি।”

এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, “পুলিশের আভিযানিক কার্যক্রমকে বিভ্রান্ত করার জন্য কেউ বা কোনো অপরাধী চক্র এই ড্রোন উড়ানোর কার্যক্রম করে থাকতে পারে।

এর মধ্যে বাঙ্গরায় গুজব ছড়ানোর অভিযোগে একজনকে আটক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “মাদকসেবী, কিশোরগ্যাং ও নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে যে অভিযান চালানো হচ্ছে তা ব্যাহত করার জন্য এমন কার্যকলাপ হতে পারে। আমরা ড্রোন অপারেটকারী বা মাইকিং করে গুজব ছড়ানোকারীদের শনাক্ত করার চেষ্টা করছি।”

আরও পড়ুন