দেবিদ্বারে নিখোঁজের ৩৫ দিন পর সেপটিক ট্যাংক থেকে লাশ উদ্ধার
অনলাইন সংস্করণ
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৭ অপরাহ্ণ
•
৪৪ বার পঠিত
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার দেবীদ্বারে নিখোঁজের ৩৫ দিন পর করিম ভূঁইয়া (৪৫) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়নের একটি নির্মাণাধীন সেপটিক ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহতের ভাই আমির হোসেন জানান, গত ১৩ আগস্ট করিম আখাউড়ার কেল্লা শাহ দরবারে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। ব্যাপক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি। এক অজ্ঞাতনামা ব্যক্তির ফোন পেয়ে পুলিশ ও স্বজনরা গিয়ে শ্বশুরবাড়ির পাশের ট্যাংক থেকে হাত-পা বাঁধা অবস্থায় গলিত লাশ উদ্ধার করে।
তিনি অভিযোগ করেন, পারিবারিক কলহের জেরে স্ত্রী তাছলিমা আক্তার, দুই ছেলে তানজিদ ও তৌহিদ এবং দুই শ্যালক পরিকল্পিতভাবে করিমকে হত্যা করে লাশ লুকিয়ে রাখে।
দেবীদ্বার থানার ওসি শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, নিহতের স্ত্রী, দুই ছেলে ও দুই শ্যালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক দ্বন্দ্ব ও সম্পত্তি বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।