ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত

অনলাইন সংস্করণ
২১ নভেম্বর ২০২৬, ৮:১২ অপরাহ্ণ • ৫৬ বার পঠিত
বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত

বাঙ্গরা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার নবগঠিত বাঙ্গরা উপজেলার প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনায় উৎসাহ দিতে অনুষ্ঠিত হয়েছে ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা। মমতাজ বেগম ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পীর কাশিমপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে এ পরীক্ষা নেওয়া হয়।

আয়োজক সূত্রে জানা গেছে, এবারের বৃত্তি পরীক্ষায় নবগঠিত বাঙ্গরা উপজেলার প্রায় ১০০টি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ৫২৭ জন নিবন্ধিত শিক্ষার্থীর মধ্যে ৪৯৫ জন অংশ নেয়। প্রতিযোগিতামূলক এই পরীক্ষার মাধ্যমে উপজেলার সেরা মেধাবী শিক্ষার্থীদের বাছাই করে ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেওয়াই মূল লক্ষ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মমতাজ বেগম ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির হোসেন সরকার বলেন, “শিক্ষার্থীদের মেধা বিকাশ ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করাই আমাদের ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য। এই বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে বড় ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”

ফাউন্ডেশনের পরিচালক ও গণমাধ্যমকর্মী সাহিদুল হোসেন সরকার বলেন, “নবগঠিত বাঙ্গরা উপজেলার শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটানো এবং পড়াশোনায় আরও মনোযোগী করে তোলাই আমাদের প্রধান উদ্দেশ্য। শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে পরীক্ষা সম্পন্ন করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

পরীক্ষা চলাকালীন কেন্দ্রের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ ও আয়োজনের মান যাচাইয়ে বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের সদস্যরা মমতাজ বেগম ফাউন্ডেশন কর্তৃপক্ষের আমন্ত্রণে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলমগীর মোল্লাও কেন্দ্র পরিদর্শন করেন এবং সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলমগীর মোল্লা বলেন, “কোমলমতি শিক্ষার্থীদের মেধা যাচাই ও উৎসাহ প্রদানে এ ধরনের বৃত্তি পরীক্ষা অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা আয়োজনের জন্য মমতাজ বেগম ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই। এমন উদ্যোগ উপজেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সহায়ক হবে।”

পরীক্ষার সার্বিক পরিবেশ, নিরাপত্তা ও নিরপেক্ষতা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। পরীক্ষায় অংশ নেওয়া এক শিক্ষার্থীর অভিভাবক মো. শাহজাহান কবির বলেন, “সার্বিক পরিবেশ খুবই সুন্দর। পরীক্ষায় যাঁরা দায়িত্ব পালন করছেন, তাঁরা সবাই বিভিন্ন কলেজের প্রভাষক ও অধ্যাপক। শতভাগ নিরপেক্ষভাবে পরীক্ষা পরিচালিত হচ্ছে দেখে আমরা আশ্বস্ত।”

আরেক অভিভাবক বলেন, “আয়োজকদের আতিথেয়তা ও ব্যবস্থাপনা আমাদের মুগ্ধ করেছে।” অন্যদিকে, প্রতিযোগিতামূলক এই পরীক্ষায় অংশ নিতে পেরে শিক্ষার্থীরাও ব্যাপক উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করেছে।

আরও পড়ুন