ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী

অনলাইন সংস্করণ
২২ নভেম্বর ২০২৬, ৪:৫৫ অপরাহ্ণ • ৪০ বার পঠিত
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী

সাজ্জাদ হোসেন শিমুল

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সীমান্তঘেঁষা এলাকা এবং কুমিল্লার মুরাদনগর ও বাঙ্গরা উপজেলার বিভিন্ন গ্রামের রাতের আকাশে রহস্যজনক ড্রোন ও উড়ন্ত আলোর আনাগোনা দেখা দিয়েছে। ড্রোন উড়িয়ে আতঙ্ক সৃষ্টির পর বড় ধরনের ডাকাতির আশঙ্কায় নির্ঘুম রাত কাটাচ্ছেন সাধারণ এলাকাবাসী।

খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েক দিন ধরে গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সীমান্তসংলগ্ন এলাকাগুলোর আকাশে একাধিক ড্রোন উড়তে দেখা যায়। এর প্রভাব ও আতঙ্ক ছড়িয়ে পড়ে কুমিল্লার মুরাদনগর ও বাঙ্গরা উপজেলার বিভিন্ন গ্রামে।

সর্বশেষ গত রাতে বাঙ্গরা উপজেলার রাজাবাড়ি, জাঙ্গাল, গাজীপুর, বাউইখার, গাজীরহাট, কোরেরপাড়, শ্রীকাইল, সাহেদাগোপ, চারিপাড়া, ভূতাইল, শাহগদা, ও পান্ডুঘরসহ আশপাশের বিভিন্ন গ্রামের মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীদের ডাকাতির বিষয়ে সতর্ক করা হয়।

মাইকিংয়ের পর রাতভর পুরো এলাকার মানুষ আতঙ্কিত হয়ে ঘুম ছেড়ে ঘর থেকে বেরিয়ে আসেন। নিজেদের জানমাল ও বসতবাড়ির নিরাপত্তায় লাঠিসোঁটা নিয়ে দলবদ্ধভাবে গ্রামজুড়ে রাতভর পাহারা বসান স্থানীয়রা।

বাঙ্গরা গ্রামের সাবেক সেনা কর্মকর্তা অনারারি ক্যাপ্টেন নজরুল ইসলাম জানান, "রাতের গভীর আঁধারে যেভাবে আলোকিত বস্তু বা ড্রোনগুলো উড়ছে, তা সাধারণ কোনো ঘটনা বলে মনে হচ্ছে না। আমার দীর্ঘ সামরিক অভিজ্ঞতায় মনে হচ্ছে, কোনো সংঘবদ্ধ চক্র প্রযুক্তির ব্যবহার করে এলাকার বাড়িঘর ও চলাচলের পথ রেকি করছে। এলাকাবাসীকে আতঙ্কিত না হয়ে ঐক্যবদ্ধভাবে পাহারা দেওয়ার পাশাপাশি প্রশাসনকেও বিষয়টি দ্রুত খতিয়ে দেখতে হবে।"

শ্রীকাইল গ্রামের বাসিন্দা ও সাংবাদিক এম.কে.আই জাবেদ বলেন, "মসজিদের মাইকে ঘোষণার পর থেকে পুরো গ্রামের মানুষ চরম আতঙ্কে আছে। শিশু ও বয়স্করা ভয়ে ঘুমাতে পারছেন না। ডাকাত আতঙ্কে আমরা রাত জেগে লাঠিসোঁটা নিয়ে পালাক্রমে পাহারা দিচ্ছি। প্রশাসনের কাছে আমাদের দাবি, দ্রুত ড্রোনগুলোর উৎস খুঁজে বের করে আমাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।"

রাজাবাড়ী গ্রামের বাসিন্দা ও বাঙ্গরা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুল বলেন, "গত কয়েক রাত ধরে আকাশে লাল-সবুজ আলো জ্বলা ড্রোনের মতো বস্তু খুব নিচ দিয়ে উড়ে যেতে দেখা যাচ্ছে। সাধারণত গ্রামাঞ্চলে কারো এভাবে ড্রোন ওড়ানোর কথা নয়। বড় কোনো ডাকাতি বা নাশকতার আশঙ্কায় আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। রাতে এলাকায় পুলিশের টহল আরও বাড়ানো জরুরি।"

স্থানীয়দের আশঙ্কা, অপরাধ চক্র বা কোনো সংঘবদ্ধ ডাকাত দল বড় ধরনের নাশকতা বা চুরির উদ্দেশ্যে এলাকা পর্যবেক্ষণ করার জন্য এ ধরনের ড্রোন উড়িয়ে থাকতে পারে। এ ঘটনার পর থেকে পুরো এলাকায় চরম আতঙ্ক ও থমথমে অবস্থা বিরাজ করছে।

মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম কামরুজ্জামান জানান, "রাতের আকাশে ড্রোন ওড়ে আতঙ্ক সৃষ্টির বিষয়টি আমরা অবগত আছি। এটি কোনো অপরাধ চক্রের নজরদারি নাকি অন্য কোনো কারণে ঘটছে, তা খতিয়ে দেখতে পুলিশ তৎপর রয়েছে। সীমান্তবর্তী ও সংবেদনশীল গ্রামগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে। এলাকাবাসীকে আতঙ্কিত না হয়ে সচেতন ও সতর্ক থাকার পাশাপাশি সন্দেহজনক কিছু দেখলে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানানো হচ্ছে।"

দ্রুত রাতের আঁধারে ড্রোন উড়ানোর নেপথ্যে থাকা রহস্য উদঘাটন এবং সীমান্তবর্তী গ্রামগুলোতে পুলিশি টহল আরও বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী।

আরও পড়ুন