স্কুলছাত্রীদের উত্যক্তের খবর প্রকাশের পর সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
অনলাইন সংস্করণ
২০ নভেম্বর ২০২৩, ৪:৩৮ পূর্বাহ্ণ
•
৩১ বার পঠিত
মুরাদনগর (কুমিল্লা)
কুমিল্লার মুরাদনগরে স্কুলছাত্রীদের উত্যক্ত করার ঘটনা নিয়ে সংবাদ প্রকাশের পর এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। গত শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার রামচন্দ্রপুর এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি রামচন্দ্রপুর আর.কে. উচ্চ বিদ্যালয়ের আশপাশে কয়েকজন বখাটে কিশোর নিয়মিতভাবে স্কুলে যাতায়াতকারী ছাত্রীদের উত্যক্ত করছিল। বিষয়টি নিয়ে একটি সংবাদ প্রতিবেদন প্রকাশ করা হলে সেখানে কয়েকজন অভিযুক্ত কিশোরের নাম উল্লেখ করা হয়। তাদের মধ্যে যে রিয়াদ সরকার (পিতা: আহসানুল আলম সরকার, চেয়ারম্যান, মুরাদনগর উপজেলা পরিষদ), শাকিল মিয়া, সজিব হোসেন এবং সোহান সরকারের নাম উঠে আসে।
প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিক মোঃ আরিফ হোসেন নানা ধরনের চাপ ও হুমকির মুখে পড়েন বলে অভিযোগ করেন। তার দাবি, গত ৫ নভেম্বর ২০২৩ তারিখে মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার তাকে ফোন করে এ ধরনের সংবাদ প্রকাশ থেকে বিরত থাকতে বলেন এবং অন্যথায় গুরুতর পরিণতির হুমকি দেন।
পরবর্তীতে ১০ নভেম্বর ২০২৩ তারিখে অভিযোগ রয়েছে যে, উপজেলা চেয়ারম্যান আহসানুল আলম সরকার ও তার কয়েকজন সহযোগী সাংবাদিক মোঃ আরিফ হোসেনের অফিসে গিয়ে তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন এবং একপর্যায়ে তার ওপর হামলা চালান। হামলায় তিনি আহত হন। এ সময় তার চিৎকার শুনে আশপাশের কয়েকজন সাংবাদিক এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্তল ত্যাগ করে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি চিকিৎসা কেদ্রে চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার পর মুরাদনগর প্রেসক্লাবের সদস্যরা পুলিশের নিষ্ক্রিয়তার সমালোচনা করেন এবং হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
ভুক্তভোগী সাংবাদিকের অভিযোগ, স্কুলছাত্রীদের উত্যক্ত করার ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ এবং প্রভাবশালী ব্যক্তিদের নাম উল্লেখ করার কারণেই তাকে এ হামলার শিকার হতে হয়েছে। তিনি আরও বলেন, হামলাকারীরা তাকে ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশ না করার জন্য ভয়ভীতি প্রদর্শন করে।
এদিকে, উপজেলা চেয়ারম্যান সাংবাদিক আরিফ হোসেনের বিরুদ্ধে একটি মানহানির মামলা দায়ের করেছেন বলেও জানা গেছে।
এ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহলের মতে, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে এ ধরনের ঘটনা বন্ধের প্রশাসনের কার্যকর উদ্যোগ প্রয়োজন।