কুমিল্লার মুরাদনগর উপজেলায় অটোরিকশাচালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় জনতার সহায়তায় এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে মুরাদনগর থানা পুলিশ। একই সঙ্গে ছিনতাই হওয়া অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া পূর্বপাড়া এলাকায় মোচাগড়া-বাখরনগর সড়কের একটি মোড়ে এ ঘটনা ঘটে।
ছুরিকাঘাতে গুরুতর আহত অটোরিকশাচালক সাইদুল ইসলাম (১৭) নবীপুর পশ্চিম ইউনিয়নের রহিমপুর গ্রামের মো. মাসুদ মিয়ার ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া আল আমিন (২৩) নবীপুর পশ্চিম ইউনিয়নের রহিমপুর গ্রামের শহিদ মিয়া (ল্যাংড়া শহিদ)-এর ছেলে। এ ঘটনায় অভিযুক্ত অপর ব্যক্তি কুলুবাড়ী গ্রামের মধু মোল্লার ছেলে মো. শামীম মিয়া (২২) পালিয়ে গেছেন।
পুলিশ জানায়, শনিবার রাতে আল আমিন ও শামীম মিয়া অটোরিকশাচালক সাইদুল ইসলামকে মোচাগড়ায় যাওয়ার কথা বলে ভাড়া করেন। নির্জন স্থানে পৌঁছানোর পর তারা প্রথমে ইট দিয়ে সাইদুলের মাথায় আঘাত করেন। পরে ধারালো অস্ত্র দিয়ে তার বুকে ও পিঠে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত অবস্থায় রাস্তার পাশের ঝোপে ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালানোর চেষ্টা করেন।
এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে ধাওয়া দিলে আল আমিনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। তবে অপর আসামি শামীম মিয়া পালিয়ে যেতে সক্ষম হন। পরে পুলিশ ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করে।
আহত সাইদুল ইসলামকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় আহত চালকের বাবা মো. মাসুদ মিয়া বাদী হয়ে দুইজনকে আসামি করে মুরাদনগর থানায় মামলা দায়ের করেছেন।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, “ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক অপর আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”