বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি বাজার এলাকায় সড়ক সম্প্রসারণকে কেন্দ্র করে বসতবাড়ি ও দোকানঘরের সীমানা নিয়ে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলা, মারধর ও এক নারীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ সময় বাধা দিতে গেলে ভুক্তভোগী যুবকের মোবাইল ফোন ভাঙচুর এবং পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে ময়নামতি পল্লী বিদ্যুৎ ২ নম্বর অফিসের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মো. রুবেল (জুয়েল) (২৮) বাদী হয়ে বুড়িচং থানায় চারজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, রামপাল (ময়নামতি বাজার) এলাকার মো. আইয়ুব আলীর ছেলে মো. রুবেল ও তার পরিবারের দোকানঘরের সীমানা নিয়ে একই এলাকার মো. বাবুল মিয়ার ছেলে মো. আউয়াল (৩৫), মো. সুজন (৩৮) ও মো. জজ (২৪)-এর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
সম্প্রতি সড়ক সংস্কার ও সম্প্রসারণের অংশ হিসেবে রাস্তা সংলগ্ন অবৈধ স্থাপনা সরিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গত ২৩ সেপ্টেম্বর নোটিশ দেয়। অভিযোগকারী পরিবারের দাবি, কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় তারা দোকানের সীমানা সংলগ্ন চিহ্নিত অংশ অপসারণের কাজ শুরু করলে অভিযুক্তরা সেখানে এসে কাজে বাধা দেন এবং গালাগাল শুরু করেন।
একপর্যায়ে রুবেলের মায়ের সঙ্গে অভিযুক্তদের বাকবিতণ্ডা হয়। এ সময় রুবেল ঘটনার ভিডিও ধারণ করতে গেলে অভিযুক্তরা বাঁশ ও ধারালো চাকু নিয়ে হামলা চালিয়ে মা-ছেলেকে মারধর ও লাঞ্ছিত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, ভিডিও ধারণের সময় রুবেলের হাত থেকে প্রায় ৭০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনটি কেড়ে নিয়ে মাটিতে আছড়ে ভেঙে ফেলা হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ভুক্তভোগীদের বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করেন এবং মামলা বা আইনি পদক্ষেপ নিলে বাড়িতে ঢুকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।