ইউএনওদের নিরাপত্তায় আনসার মোতায়েনের নির্দেশ
অনলাইন সংস্করণ
৩ সেপ্টেম্বর ২০২০, ৮:৫৬ অপরাহ্ণ
•
১১৬ বার পঠিত
ডেস্ক রিপোর্টঃ
রংপুর বিভাগের আট জেলার ৫৮টি উপজেলায় কর্মরত উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নিরাপত্তায় ১০ জন করে সশস্ত্র অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েনের নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার রাতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ পরিচালক একেএম জিয়াউল আলম স্বাক্ষরিত এক পত্রে প্রতিটি জেলা কমান্ড্যান্টকে এ নির্দেশ দেয়া হয়।
এতে বলা হয়, রংপুর বিভাগের আট জেলার (রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, পঞ্চগড়, দিনাজপুর ও ঠাকুরগাঁও) ৫৮টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতে একজন পিসি, একজন এপিসি ও আটজন আনসারসহ মোট ১০ জন করে সশস্ত্র অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েন করার জন্য অনুরোধ করা হলো।
পত্রে সূত্র হিসেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালকের ফোন কলের উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, বুধবার (২রা সেপ্টেম্বর) গভীর রাতে দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাত ১১টা ৫ মিনিটের দিকে ইউএনও ওয়াহিদা খানমের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তবে চিকিৎসকরা বলছেন, শঙ্কামুক্ত নন তিনি।