মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে চুন কারখানা পরিচালনার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) অভিযানের পর দায়ের করা মামলায় বৃহস্পতিবার রাতে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের কুলুবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—দেবিদ্বার উপজেলার সংচাইল গ্রামের মোমেন মিয়া (৫০) এবং মুরাদনগর উপজেলার কুলুবাড়ী গ্রামের মো. বিল্লাল (৫৩)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বিজিডিসিএলের দেবিদ্বার শাখার ব্যবস্থাপক কাজী আবু ওবায়েদ গত মঙ্গলবার (১৬ জুন) মুরাদনগর থানায় একটি মামলা দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, উপজেলার কুলুবাড়ী-নবীনগর সড়কের পশ্চিম পাশে থাকা বিজিডিসিএলের ২ ইঞ্চি বিতরণ লাইনে অবৈধ সংযোগ স্থাপন করে প্রায় ছয় মাস ধরে একটি চুন কারখানা পরিচালনা করা হচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার দুপুরে বাখরাবাদ গ্যাসের কর্মকর্তারা ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে অবৈধ সংযোগে ব্যবহৃত চারটি উচ্চচাপ সহনশীল হোস পাইপ, চারটি ফোকাস বার্নার ভাল্ব ও দুটি সার্ভিস টি জব্দ করা হয়। পরে অবৈধ গ্যাস সংযোগটি স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়।
বিজিডিসিএলের হিসাব অনুযায়ী, অবৈধভাবে গ্যাস ব্যবহারের ঘটনায় ছয় মাসের বিল ও জরিমানাসহ মোট ১ কোটি ৬১ লাখ ২৪ হাজার ২২৪ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির দায়ের করা মামলার ভিত্তিতে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।