
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরে গোমতী নদীর ওপর অবস্থিত গুরুত্বপূর্ণ সেতুর পাটাতন ভেঙে পড়ায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও যানবাহন চালকরা। খবর পেয়ে দ্রুত উদ্যোগ নিয়ে সেতুর পাটাতন মেরামতের মাধ্যমে যানবাহন চলাচল স্বাভাবিক করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
জানা যায়, মুরাদনগর–ইলিয়টগঞ্জ সড়কের গোমতী সেতুর মাঝখানের দুটি পাটাতনের জয়েন্ট ভেঙে সরে গেলে গত দুই দিন ধরে ঝুঁকি নিয়ে এক লেনে যানবাহন চলাচল করতে হচ্ছিল। এতে সৃষ্টি হয় তীব্র যানজট, ভোগান্তিতে পড়েন এই সড়ক ব্যবহারকারী যাত্রী ও চালকরা।
মঙ্গলবার বিকেলে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ পেলে সেতুটি দ্রুত সচল করার উদ্যোগ নেন বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ও মুরাদনগরের তারুণ্যের জনপ্রিয় মুখ কাজী শাহ আরেফিন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কোনো বিলম্ব না করে রাতেই সেতু মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
দলের পক্ষ থেকে মেরামত কাজে অংশ নেন আক্তার হোসেন, সাদ্দাম হোসেন, ফজলে রাব্বি, মেহেদী, রাফি, সাইদ ও আরিফ। রাত আনুমানিক ৯টার দিকে মেরামত কাজ সম্পন্ন হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়রা জানান, ২০২৪ সালের ভয়াবহ বন্যার সময়ও গোমতী সেতু ক্ষতিগ্রস্ত হলে দ্রুত মেরামতের উদ্যোগ নিয়েছিলেন কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ও কাজী শাহ আরেফিন। তাদের মানবিক ও দায়িত্বশীল ভূমিকার কারণে সেবারও বড় ধরনের দুর্ভোগ থেকে রক্ষা পেয়েছিল এলাকাবাসী।
এবারও দ্রুত উদ্যোগ নেওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্থানীয়রা বলেন, জনগণের বিপদে রাতদিন পাশে দাঁড়ানো সত্যিই প্রশংসনীয়।