নিজস্ব প্রতিবেদক, মুরাদনগর:
কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নে বাঙ্গরা বাজার থানাকে পূর্ণাঙ্গ উপজেলা ঘোষণার দাবিতে অনুষ্ঠিত হলো এক বিশাল জনসভা। শনিবার বিকেলে শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে হাজারো মানুষের অংশগ্রহণে এ সমাবেশ জনসমুদ্রে রূপ নেয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বলীঘর গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী, বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সমাজসেবক গোলাম কিবরিয়া সরকার। আরও বক্তব্য দেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব কামরুল হাসান কেনাল, বলীঘর হুজুরী শাহ উচ্চ বিদ্যালয়ের সভাপতি তাহমিনা বেগম, রাজনীতিবীদ আব্দুর রাজ্জাক, বাক্কিছ মেম্বার, সাজ্জাদ হোসেন, এম কে আই জাবেদ, তানভীর সরকার, হাফেজ নজরুল ইসলাম প্রমুখ।
সমাবেশ পরিচালনা করেন কমল সরকার। বক্তারা এ দাবিকে যুগোপযোগী উল্লেখ করে মাননীয় প্রধান উপদেষ্টাসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেন।
সভায় বক্তারা বলেন, বাঙ্গরা বাজার থেকে মুরাদনগর উপজেলা সদরের দূরত্ব প্রায় ২৫ কিলোমিটার। এই কারণে প্রশাসনিক, শিক্ষা ও একাডেমিক কার্যক্রমে প্রতিনিয়ত ৭/৮ লাখ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। একটি সাধারণ প্রশাসনিক কাজ সম্পন্ন করতেই মানুষকে পুরো দিন ব্যয় করতে হয়। এ পরিস্থিতি থেকে উত্তরণে বাঙ্গরা বাজার থানাকে উপজেলা ঘোষণার কোনো বিকল্প নেই।
বক্তারা আরও বলেন, শ্রীকাইল, আকুবপুর, আন্দিকোট, উত্তর রামচন্দ্রপুর, পশ্চিম বাঙ্গরা, পূর্ব বাঙ্গরা, পূর্বধৈর, পশ্চিমধৈর, টনকী ও চাপিতলা—এই ১০টি ইউনিয়নকে নিয়ে বাঙ্গরা বাজার থানাকে পূর্ণাঙ্গ উপজেলা ঘোষণা করা সময়ের দাবি।
জনসভায় উপস্থিত সাধারণ মানুষ আশাবাদ ব্যক্ত করেন, অচিরেই সরকারের পক্ষ থেকে এ বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া যাবে।
সম্পাদক ও প্রকাশক : সাজ্জাদ হোসেন শিমুল
সকল স্বত্বঃ "কুমিল্লা টাইমস" কতৃক সংরক্ষিত