
দাউদকান্দি (কুমিল্লা)
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় হাঁস চুরির সন্দেহে সাইদুল ইসলাম সাইদ (২৩) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মালীগাঁও ইউনিয়নের মালীগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইদ ওই গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিনের বেলা মালীগাঁও গ্রামে একটি হাঁস চুরির ঘটনাকে কেন্দ্র করে অভিযোগ ওঠে। এরই জের ধরে ওই দিন রাত আনুমানিক ১০টার দিকে স্থানীয় কয়েকজন সাইদকে চোর সন্দেহে আটক করে এবং বেধড়ক মারধর শুরু করে। নির্যাতনের একপর্যায়ে সাইদ অচেতন হয়ে পড়েন।
পরে রাত ১টার দিকে আশঙ্কাজনক অবস্থায় তাকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, হাঁস চুরির সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগে আমরা ইতোমধ্যে দুজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।