
ডেস্ক রিপোর্ট:
কুমিল্লার মুরাদনগর বাঙ্গরা বাজার থানা কড়ইবাড়ি গ্রামে দুই সন্তানসহ নারীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার আটজনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ ৯ জুলাই বুধবার বেলা সাড়ে ১১টায় কুমিল্লার আমলি আদালত-১১ এর বিচারক মমিনুল হক এই রিমান্ড মঞ্জুর করেন।
আসামিরা হলেন, মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়া (৫৫), রবিউল আওয়াল (৫৫), আতিকুর রহমান (৪২), মো. বায়েজ মাস্টার (৪৩), দুলাল (৪৫), আকাশ (২৪), মো. সবির আহমেদ (৪৮) ও মো. নাজিমউদ্দীন বাবুল (৫৬)।
এই মামলার তদন্ত কর্মকর্তা জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নয়ন কুমার চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেন।
এই বিষয়েএসআই নয়ন কুমার বলেন, দেশ ব্যাপী আলোচিত কুমিল্লার মুরাদনগরের দুই সন্তানসহ নারীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৮ আসামীর রিমান্ড চাওয়া হয় গত ৭ জুলাই বিকেলে। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় ওই আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। কুমিল্লার আমলি আদালত-১১ এর বিচারক মমিনুল হক শুনানি শেষে প্রত্যেক আসামীর ৩দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
তিনি বলেন, রিমান্ডে আসামিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যে বাকি অভিযুক্তদের আইনের আওতায় আনা সম্ভব হবে এবং ঘটনার নেপথ্যে কারা ছিল, উদ্দেশ্য কী সকল পরিকল্পনা বেরিয়ে আসবে।